ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও এক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁর নাম আবু সাইদ। পরীক্ষায় অংশগ্রহণকারীর ছবির সঙ্গে ভর্তি হতে আসা শিক্ষার্থীর ছবির মিল না পাওয়ায় আজ সোমবার বেলা দুইটার দিকে আইন অনুষদ থেকে তাঁকে আটক করা হয়। আটক শিক্ষার্থী সাইদ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোজাম্মেল হকের ছেলে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি ভর্তি হতে গেলে একই কারণে রামকৃষ্ণ দাস নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে অনুষদ। এ ছাড়া ১৩ ফেব্রুয়ারি আইন অনুষদের মৌখিক পরীক্ষা চলাকালে হাতের লেখা ও ছবির সঙ্গে কোনো মিল না পাওয়ায় তিন পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আইন অনুষদ সূত্রে জানা যায়, আইন বিভাগে ভর্তির জন্য ২০ ফেব্রুয়ারি আবু সাঈদ মায়ের অসুস্থতার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র অনুষদে পাঠায়। তাঁর ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে বর্তমান ছবি ও স্বাক্ষরের মিল না থাকায় শিক্ষকদের সন্দেহ হয়। এরপর শিক্ষকেরা ওই শিক্ষার্থীকে ভর্তি হওয়ার কথা বলে ডেকে আনেন। আজ দুপুরে ওই শিক্ষার্থী আইন অনুষদে গেলে শিক্ষকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই শিক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে আবু সাঈদ শিক্ষকদের জানান, ঢাকা কলেজের এক শিক্ষার্থী ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁর পক্ষে পরীক্ষায় অংশ নিয়েছিল। এমনকি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষাতে সে-ই শিক্ষার্থী অংশ নেন। আবু সাঈদ এ বিষয়ে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন।
আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিত্ চন্দ জানান, সাঈদ ভর্তির জন্য কয়েক দিন আগে নিজে না এসে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক শিক্ষার্থীর মাধ্যমে কাগজপত্র পাঠিয়ে দেয়। কিন্তু শিক্ষকদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁরা ওই শিক্ষার্থীকে ডেকে পাঠান। আজ ভর্তি হতে গেলে তিনি ধরা পড়েন। তাঁকে প্রক্টর দপ্তরের মাধ্যমে পুলিশে দেওয়ার প্রক্রিয়া চলছে।