জালিয়াতির অভিযোগে সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার
সরকারি আদেশ জালিয়াতি করে অবসরের পরও সচিবের বেতন তোলার ঘটনায় সাবেক যুগ্ম সচিব এ কে এম সালেহ উদ্দিনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দপ্তর থেকে (এপিডি) তাঁকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আফসার আলী বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় সালেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, যুগ্ম সচিব হিসেবে অবসরে যাওয়ার পরও সালেহ উদ্দিন ভুয়া কাগজপত্র তৈরি ও স্বাক্ষর জালিয়াতি করে অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতির ভুয়া আদেশ তৈরি করেন। এ আদেশ সরকারি দপ্তরে জমা দিয়ে তিনি ‘কর্মরত’ হিসেবে স্বাভাবিক বেতন ও উ ৎসব ভাতা তুলে আসছিলেন। মামলায় আরও বলা হয়, সর্বশেষ দুই মাসের বেতনের বিলও মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এই বিল অনুমোদন না করার জন্য ইতিমধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরকে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রায় দুই লাখ ৬৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত ও দুঃখিত।