জালিয়াতির ঘটনায় পিওতর আবার রিমান্ডে
রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের পয়েন্ট অব সেলস (পিওএস) যন্ত্রে অর্থ জালিয়াতির অভিযোগে হওয়া মামলায় বিদেশি নাগরিক পিওতর সিজোফেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবীর রাজ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক টাকা খোয়ানোর অভিযোগ করেন। ওই দিন কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে। এ ঘটনায় জড়িত অভিযোগে এ মামলায় গত ২২ ফেব্রুয়ারি জার্মানির নাগরিক ও পোল্যান্ডের পাসপোর্টধারী পিওতর সিজোফেন এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করে ডিবি। এরপর তাঁদের দুই দফায় রিমান্ডে নেয় ডিবি।
এরপর গুলশানের একটি হোটেলে সিটি ব্যাংকের স্থাপিত পয়েন্ট অব সেলস (পিওএস) যন্ত্রে অর্থ জালিয়াতির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ মার্চ ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় একটি মামলা করে। ওই মামলায়ও পিওতরকে গ্রেপ্তার করে এক দফা রিমান্ডে নেওয়া হয়। আজ এ মামলায় তাঁকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলো।