বিদেশি নাগরিক পিওটর সিজোফেন কার্ড জালিয়াতি করে তোলা টাকা হুন্ডি করে চীনে পাঠাতেন। সেখান থেকে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই টাকা যেত ইউরোপে।
কার্ড জালিয়াতির ঘটনায় দ্বিতীয় দফায় রিমান্ডে থাকা পিওটর সিজোফেন ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার তাঁদের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কার্ড জালিয়াতি করে কোটি টাকার বেশি তুলেছেন পিওটর। এই টাকা তিনি হুন্ডি করে চীনে তাঁর চক্রের সদস্যদের কাছে পাঠাতেন। সেখান থেকে চক্রের সদস্যরা ওই টাকা পূর্ব ইউরোপে পাচার করতেন।
গত ২২ ফেব্রুয়ারি ডিবি জার্মানির নাগরিক ও পোল্যান্ডের পাসপোর্টধারী পিওটর সিজোফেন এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের ছয় দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই রিমান্ড শেষে গত সোমবার তাঁদের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক টাকা খোয়ানোর অভিযোগ করেন।