জালিয়াতির টাকা ফেরত দিলেন ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মতিউর রহমানের সাত মাসের অবসর-ভাতার টাকা জাল সই দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেন সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। এর প্রমাণ মেলায় গত বুধবার পুরো টাকাই ফেরত দিয়েছেন ওই কর্মকর্তা।
অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মতিউর রহমান (৯৯)। তাঁর বাড়ি সানুহার গ্রামে। ওই ব্যাংক কর্মকর্তার নাম আলী আহম্মেদ। তিনি সোনালী ব্যাংকের উজিরপুর শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যাংক সূত্র জানায়, মতিউর রহমান ২৫-৩০ বছর আগে তিনি অবসর নেন। এরপর থেকে তিনি সোনালী ব্যাংকের উজিরপুর শাখা থেকে প্রতি মাসে অবসর-ভাতা উত্তোলন করে আসছেন।
মতিউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম বলেন, বাবা অসুস্থ হওয়ায় ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত তিনি ভাতা উত্তোলন করেননি। ওই টাকা তাঁর হিসাব নম্বরে জমা থাকার কথা। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর হিসাব নম্বরে টাকা নেই। গত রোববার ওই সাত মাসের অবসর-ভাতার ৩৫ হাজার ৯৬০ টাকা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তিনি বাবাকে নিয়ে সোমবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রিন্স পারভেজের কাছে লিখিত অভিযোগ করেন। একপর্যায়ে জাল সই দিয়ে ওই টাকা তুলে আত্মসাতের বিষয়টি বেরিয়ে আসে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রিন্স পারভেজ বলেন, তিনি অভিযোগ পাওয়ার পরে বিষয়টি নিষ্পত্তির জন্য গত মঙ্গলবার দিন ধার্য করেন। কাগজপত্র যাচাই-বাছাই করে জানতে পারেন মতিউর রহমানের সই জাল করে ব্যাংকের সিনিয়র অফিসার আলী আহম্মেদ ওই টাকা তুলে আত্মসাৎ করেছেন। বুধবার তিনি পুরো টাকা শোধ করেছেন। বিষয়টির সুরাহা হয়েছে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের উজিরপুর শাখার সিনিয়র অফিসার আলী আহম্মেদ কোনো কথা বলতে রাজি হননি।