জালিয়াতির দায়ে আরও একজন শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ভর্তিচ্ছুক আরও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আইন অনুষদ থেকে তাঁকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীর নাম রামকৃষ্ণ দাস। তিনি সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা গ্রামের অসিম দাসের ছেলে। ১৩ ফেব্রুয়ারি একই অনুষদের মৌখিক পরীক্ষা চলাকালে হাতের লেখা ও ছবির সঙ্গে কোনো মিল না থাকায় তিন পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
অনুষদ সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আইন বিভাগের ভর্তির কার্যক্রম চলছিল। এ সময় ভর্তি হতে আসেন রামকৃষ্ণ দাস। কিন্তু পরীক্ষার প্রবেশপত্রে তাঁর ছবির মিল পাওয়া না গেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষকেরা। একপর্যায়ে তিনি জালিয়াতির কথা স্বীকার করেন।
সূত্র জানায়, ধরা পড়ার পর রামকৃষ্ণ লিখিত স্বীকারোক্তি দেন। এতে তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁর পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে রামকৃষ্ণকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। তাঁকে আটক করা প্রসঙ্গে প্রক্টর তারিকুল হাসান জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গতকাল বিকেলে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।