জালিয়াতির মাধ্যমে এসএসসি পরীক্ষায় বসানোর অভিযোগ
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে আদালতে ভুয়া কাগজপত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষায় সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত শুক্রবার জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এরপর তাঁদের নামে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়। প্রধান শিক্ষক গতকাল শনিবার বিষয়টি চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছেন। সাত শিক্ষার্থীর প্রত্যেকেই নির্বাচনী পরীক্ষায় পাঁচ-ছয় বিষয়ে ফেল করেছে। ধরা পড়া তিন জালিয়াতকারী হলেন: ওয়াহিদ মুরাদ, সরোয়ার উদ্দীন চৌধুরী ও বিপ্লব। তাঁদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের নির্দেশনার কারণে সাত শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছি। তবে পরে আদালতের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে আমরা সে হিসেবে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ শুক্রবার বেলা ১১টার দিকে ওয়াহিদ মুরাদসহ বাকি দুজন স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে সাত শিক্ষার্থীর প্রবেশপত্র দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় স্কুলের নিরাপত্তা রক্ষীসহ উপস্থিত এলাকাবাসী তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আদালতে দাখিল করা সব কাগজপত্রই জাল। আমরা তবু আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে তাদের পরীক্ষার ব্যবস্থা নিয়েছি। আমরা জালিয়াত চক্রের কাছ থেকে নেওয়া মুচলেকা নিয়ে আদালতে যাব। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছি। বোর্ড কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি।’ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল বণিক প্রথম আলোকে বলেন, ‘ওয়াহিদ মুরাদ নামে কথিত সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় সুযোগ করে দেন। টাকার বিনিময়ে বিদ্যালয়ের নামে জাল কাগজপত্র তৈরি করে আদালতে পাঠান। এ অভিযোগে বিদ্যালয় কর্তৃপক্ষ মুরাদসহ তিনজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে।’