রূপালী ব্যাংক সাতক্ষীরা শাখায় গত মাসে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের একটি চক্রের সহযোগিতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ব্যক্তিগত সহকারী মোশায়েদ আলী জানান, ওই শাখায় মন্ত্রীর একটি সঞ্চয়ী হিসাবে তিন লাখ ৮০ হাজার টাকা রয়েছে। গত বৃহস্পতিবার ওই হিসাবের বিপরীতে একটি চেক বই ইস্যু করা হয়। মন্ত্রীর সই জাল করে ইস্যু করা চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে বিষয়টি ধরা পড়ে। বর্তমানে মন্ত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে রয়েছেন।মোশায়েদ আলীর অভিযোগ, ব্যাংকের কেউ জড়িত না থাকলে এ ঘটনা ঘটতে পারে না। মন্ত্রী চেকের জন্য আবেদন না করলে চেক ইস্যু কার নামে, কে করলেন? সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু আহমেদের ছোট ভাই আশরাফুল ইসলাম জানান, তাঁর ভাইয়ের নামে ওই শাখার সঞ্চয়ী হিসাব থেকে স্বাক্ষর জাল করে ৭ আগস্ট ১০ হাজার, ১২ আগস্ট ৬০ হাজার টাকা ও ২৮ আগস্ট দুই লাখ ৭০ হাজার তুলে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের স্বাক্ষরের সঙ্গে যে স্বাক্ষরে টাকা তোলা হয়েছে, তার কোনো মিল নেই। একইভাবে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার ভ্যানচালক ইমরান মুন্সির সঞ্চয়ী হিসাবে টাকা না থাকার পরও গত ৩ জুন চেক মারফত দুই লাখ টাকা তুলে নেওয়া হয়। পরে চাকরি হারানোর আশঙ্কায় ব্যাংকের তৎকালীন ক্যাশিয়ার আবদুল মান্নানকে ওই টাকা পরিশোধ করতে হয়। ব্যাংকের কয়েকজন গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যাংকের মধ্যে একটি মহলের সহযোগিতায় এসব কাজ হচ্ছে নির্বিঘ্নে। শাখার ব্যবস্থাপক মো. নাছিরউদ্দিন জানান, স্বাস্থ্যমন্ত্রীর চেকটি ভুল করে ইস্যু করেছিলেন একজন কর্মকর্তা। তবে টাকা তোলার কোনো ঘটনা ঘটেনি।অধ্যক্ষ আবু আহমেদের বিষয়টি মীমাংসা করে ফেলা হয়েছে। ফলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর তিনি এখানে যোগদান করেছেন। যে কারণে আগের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিনি জানেন না।