রাগীব আলীর জামিন নিয়ে আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে দণ্ডিত সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের জামিনের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আদালত আদেশ দেবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। 


বিচারাধীন আপিলে জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি হয়।

দুপুরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেছিলেন, আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে বলেন, বিষয়টি পুনর্বিবেচনা করে জামিন বাতিলের আবেদন জানাই। তখন আদালত কাল আদেশ দেবেন বলে জানান।

রাগীব আলী ও তাঁর ছেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক।

মামলার সূত্রে জানা যায়, দেবোত্তর সম্পত্তি আত্মসাতের জন্য জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ সৃজনের অভিযোগে ২০০৫ সালের ২ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন সহকারী কমিশনার (ভূমি)। এই মামলায় চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রায় দেন। রায়ে তাঁদের বিভিন্ন ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। এই আপিলে তাঁরা জামিন চাইলে গত ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে তা নামঞ্জুর হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তাঁরা আবেদন করেন, যা আজ শুনানির জন্য ওঠে।