জালিয়াতির মামলা প্রত্যাহার হবে কি না, শুনানি ২ ফেব্রুয়ারি
রাজউকের কনিষ্ঠ দুজন কর্মকর্তার বিরুদ্ধে করা ৮০ লাখ টাকা জালিয়াতির মামলা প্রত্যাহার করা হবে কি না, এ বিষয়ে আগামী ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রাব্বানী এ তারিখ ধার্য করেন।রাজধানীর মতিঝিল থানার এ মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। গত বছরের ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের চিঠি পেয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামলাটি প্রত্যাহারের জন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।মেসার্স হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মনিরুজ্জামান ২০০৭ সালের ৪ এপ্রিল মতিঝিল থানায় রাজউকের কনিষ্ঠ হিসাব সহকারী খন্দকার এ কে আজাদ ও পরিদর্শক আলাউদ্দিনকে আসামি করে মামলাটি করেন। তাতে অভিযোগ করা হয়, বাদী বহুতল ভবন নির্মাণ করতে বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন পেতে রাজউকের ওই দুই কনিষ্ঠ কর্মকর্তাকে বিভিন্ন সময় প্রায় ৮০ লাখ দেন। কিন্তু তাঁরা রাজউক, সড়ক বিভাগ, পুলিশ, ওয়াসা, বিদ্যুত্, টেলিফোন, পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জাল অনুমোদনপত্র দিয়ে প্রতারণা করে।