জালিয়াতির মামলা প্রত্যাহারেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ
৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা জালিয়াতি মামলাও রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০৭ সালে দায়ের হওয়া এ মামলার আসামিরা হচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিম্নপদস্থ কর্মকর্তা। মামলাটি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রাব্বানীর আদালতে বিচারাধীন। আজ বুধবার মামলাটি শুনানির জন্য দিন ধার্য রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রদিবাদে মামলাটির বাদী মেসার্স হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মনিরুজ্জামান গতকাল মঙ্গলবার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, এ রকম অর্থ জালিয়াতির মামলাকেও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে প্রত্যাহারযোগ্য বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামত দিয়েছে। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কাগজপত্র সাংবাদিকদের বিলি করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করে বলেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। ২০০৭ সালের ৪ এপ্রিল মতিঝিল থানায় দায়ের করা এ মামলায় (মামলা নম্বর-১৮) আসামি করা হয় রাজউকের কনিষ্ঠ হিসাব সহকারী খন্দকার এ কে আজাদ ও পরিদর্শক আলাউদ্দিনকে। গত বছরের ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও ঢাকা মহানগর পিপিকে চিঠি দিয়ে মামলা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে রাষ্ট্রপক্ষ গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে।হামজা কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুল্লাহ আবু প্রথম এ মামলা প্রত্যাহারের সুপারিশ করেন। পিপির সুপারিশে মামলাটি অসত্ উদ্দেশ্যে, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং হয়রানির জন্য করা হয়েছে উল্লেখ করা হয়।এ মামলা সম্পর্কে হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম আবুল সংবাদ সম্মেলনে বলেন, তাঁরা রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে বহুতল ভবন নির্মাণের জন্য বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন পেতে রাজউকের ওই দুই কনিষ্ঠ কর্মকর্তার সঙ্গে চুক্তি করেন। এরপর বিভিন্ন সময়ে এ কাজে দুজনকে প্রায় ৮০ লাখ টাকা দেওয়া হয়।কিন্তু ওই বাড়ি নির্মাণের জন্য তাঁরা রাজউক, সড়ক বিভাগ, পুলিশ, ওয়াসা, বিদ্যুত্, টেলিফোন, পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে সবকিছুর জাল অনুমোদনপত্র তৈরি করেন; যা পরে ধরা পড়ে। এরপর টাকা ফেরত চাইলে আসামিরা দিতে অস্বীকার করেন।