জালিয়াতির মামলায় দুদকের অভিযানে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাস্টমস ও ব্যাংক কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে ৮০ হাজার টাকা আত্মসাৎ করার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. খাইরুল আমিন। তিনি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স পূরবী ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ লিমিটেডের স্বত্বাধিকারী।
দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাস বলেন, আমদানিকারকের কাছ থেকে পরিশোধিত শুল্কের চেয়ে ৮০ হাজার টাকা বেশি আদায়ের জন্য খাইরুল আমিন ও তাঁর দুই ভাই কাস্টমস ও সোনালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জাল করেন। বিষয়টি জানার পর ২০ এপ্রিল বন্দর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করে কাস্টমস। মামলাটি তদন্তের জন্য দুদকে এসেছে। মামলার তদন্তের স্বার্থে খাইরুলকে গ্রেপ্তার করা হয়েছে।