জালে উঠে না ইলিশ পেটে জোটে না ভাত
ইলিশের মৌসুম প্রায় শেষ। কিন্তু বরগুনাসহ দক্ষিণ উপকূলের দেড় লাখ জেলের জালে এবার কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়েনি। তাই ইলিশের জেলে ও ব্যবসায়ীরা এখন দিশেহারা।সাগরে ইলিশ না পেয়ে জেলে ইদ্রিস হতাশ কণ্ঠে বলেন, ‘আর কত প্যাডে পাথর বাইন্ধা থাকমু। ইলশার মৌসুম তো শ্যাষ। মনে অইলহে ভাদ্দর মাসে কিছু ইলশা মাছ পড়বে। কিন্তু এহন দেহি ভাদ্দর মাসও শ্যাষ। ইলশার দ্যাহা নাই। বউ-বাচ্চারা পোতের (পথের) দিকে চাইয়্যা রইছে। কিন্তু কী নিয়া বাড়ি যামু কন?’গত বৃহস্পতিবার শরতের পড়ন্ত দুপুরে পাথরঘাটা বিএফডিসি মৎ স্য অবতরণকেন্দ্রের জেটিতে ২০-২৫টি ট্রলার নোঙর করা অবস্থায় দেখা গেল। এসব ট্রলারের জেলেরা বেকার সময় কাটাচ্ছেন। সবার চোখেমুখে হতাশা।জানা গেছে, এক সপ্তাহ ধরে হতাশ জেলে ও ব্যবসায়ীরা ইলিশের জন্য উপকূলের বিভিন্ন এলাকায় মিলাদ ও দোয়ার আয়োজন করছেন। গত বুধবার পাথরঘাটা বিএফডিসি মৎ স্য অবতরণকেন্দ্রে দোয়া-মোনাজাতে অংশ নেন কয়েক হাজার জেলে ও ব্যবসায়ী।গত বৃহস্পতিবার পাথরঘাটা বিএফডিসি মৎ স্য অবতরণকেন্দ্রে গিয়ে দেখা যায়, সবকিছু যেন নিষ্প্রাণ। বরাবর এমন সময় এই কেন্দ্রে জেলে, পাইকার, শ্রমিকদের ব্যস্ততায় দিন-রাত মুখর থাকে। কারও দম ফেলার ফুরসত থাকে না। ইলিশের ঘ্রাণে ভরে থাকে পুরো এলাকা। কিন্তু এবার ঠিক তার উল্টো চিত্র। পাইকারদের অনেককে মাছের বাক্সের ওপর ঘুমাতে দেখা গেল। ঘাটের শ্রমিকদেরও কোনো ব্যস্ততা নেই। তাঁরা কেউ আড়তে বসে টিভি দেখছেন, কেউ কেউ স্তূপ করা জালের ওপর শুয়ে আছেন।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেল, এবার ইলিশের মৌসুম শুরুর পর প্রায় ট্রলারই এ পর্যন্ত ১০-১২ বার করে সাগরে গেছে। কিন্তু জেলেরা ফিরে এসেছেন একপ্রকার শূন্য হাতেই। অবতরণকেন্দ্রের ঘাটে নোঙর করা এফবি মর্জিনা নামের একটি ট্রলারের জেলে নিজাম উদ্দীন অল্পকিছু জাটকা ও আমাছা (বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ) ঝাঁপিতে নিয়ে বাছাই করছিলেন। তিনি জানান, ৫০ হাজার টাকার বাজার-সওদা নিয়ে এক সপ্তাহ আগে সাগরে যান তাঁরা ১৫ জন। পাঁচ দিন ধরে সাগরের বিভিন্ন স্থানে জাল ফেলেও দেখা পাননি রুপালি ইলিশের।অবতরণকেন্দ্রে অপেক্ষমাণ শামসুল আলম নামের এক ট্রলারমালিক আক্ষেপ করে বলেন, ‘এ বচ্ছর খালি যায় আর যায়। কিন্তু আয় না কিছুই। এই পর্যন্ত পাঁচ লাখ টাহা বাজার-সওদার পিছে খরচ অইছে। সবই লোকসান, এই ঘাটতি কাডামু ক্যামনে, এহন হেই চিন্তায় আছি।’বিএফডিসি মৎ স্য অবতরণকেন্দ্রের আড়তদার সগীর আলম বলেন, ‘মৌসুম প্রায় শেষ হয়ে এলেও ইলিশ ধরা না পড়ায় আমাদের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে গেছে।’ তিনি বলেন, ইলিশ মৌসুমকে কেন্দ্র করে উপকূলের ব্যবসায়ীরা এ খাতে প্রায় ২০০-২৫০ কোটি টাকা লগ্নি করেছেন। এখন লগ্নি করা পুঁজি ফেরত পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে।কলাপাড়া মৎ স্যজীবী আড়তদার সমিতির সভাপতি গাজী ফজলুল হক বলেন, এবার যে অবস্থা, তাতে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে যাবে অনেক ব্যবসায়ীর।