জালেম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ইফতারির পূর্বমুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন দেশকে জালেম, অত্যাচারী, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে রক্ষা করেন।’ গতকাল রোববার সংসদ ভবনের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, ‘দেশের এখন দুরবস্থা। রাজনৈতিক দলের নেতা-কর্মী হিসেবে জনগণের এই দুর্দশার সময় আমরা বসে থাকতে পারি না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের এই দুরবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।’ বিএনপির চেয়ারপারসন বলেন, এই সরকার দুর্নীতিবাজ, অত্যাচারী সরকার। তারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এ থেকে দেশকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। গয়েশ্বরকে খালেদার ভর্ৎসনা: গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভর্ৎসনা করেছেন খালেদা জিয়া। ওই দিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর বলেন, ঢাকায় হরতাল দিয়ে মনমোহনকে মেহমানদারি করবে বিএনপি। ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশ করা না হলে মনমোহনের অবস্থানকালীন হরতাল দেওয়া হবে।তবে দলীয় সূত্রগুলো বলছে, মনমোহনের বাংলাদেশে অবস্থানকালীন হরতালের বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত নেই। খালেদা জিয়া এ জন্য গত শনিবার রাতে গয়েশ্বরকে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।