রাজধানী ঢাকার ভূগর্ভে জালের মতো ছড়িয়ে আছে গ্যাস, বিদ্যুৎ, পানি, পয়োনিষ্কাশন, টেলিফোনসহ ১২টি সংস্থার পাইপ কিংবা কেব্ল লাইন। রক্ষণাবেক্ষণের অভাব এবং অনেক ক্ষেত্রে বৈধভাবে নির্মিত না হওয়ায় এর মধ্যে মারাত্মক বিস্ফোরণের কারণ হয়ে উঠেছে গ্যাসের লাইন।
ঢাকার সেবা সংস্থাগুলোর সূত্র জানায়, শহরের বাড়িভিত্তিক পয়োনিষ্কাশন (সুয়ারেজ) ব্যবস্থাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া ঢাকার ভূগর্ভে রয়েছে উচ্চক্ষমতার (হাই টেনশন) বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই লাইন ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে ব্যাপক জনদুর্ভোগের কারণ ঘটে। উলন-ধানমন্ডি ১৩২ কেভি সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হয়ে বহুবার এমন বিপর্যয় ঘটেছে।
নগর পরিকল্পনাবিদদের অভিমত, এসব দুর্ঘটনা হচ্ছে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন ও উদাসীন উন্নয়নকাজের ফল।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সেবা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, ভূগর্ভে যে সংস্থা যতটুকু পাইপ কিংবা কেব্ল লাইন বসায়, নিয়ম অনুযায়ী তার একটি মানচিত্র তৈরি করে রাখার কথা তাদের। নগরের কোন এলাকার কোন রাস্তায় মাটির কতটুকু গভীরে গ্যাস, পানি, পয়োনিষ্কাশনের পাইপ কিংবা বিদ্যুৎ সঞ্চালন বা টেলিফোনের কেব্ল স্থাপন করা হয়েছে, ওই মানচিত্রে তার নির্দেশনা থাকে।
নগর পরিকল্পনার অপরিহার্য বিধান হচ্ছে, কোনো সেবা সংস্থা কোনো এলাকায় যখন কোনো উন্নয়ন কাজ করবে, তখন সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মানচিত্র নিয়ে যাবে। ওই মানচিত্র দেখে সেই অনুযায়ী নিজেদের উন্নয়নকাজ করবে সংস্থাটি, যাতে অন্য কোনো সংস্থার স্থাপনার ক্ষতি না হয়।
এই নিয়ম মানা হয় কি না জানতে চাইলে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, সব ক্ষেত্রে যে মানা হয়, তা বলা যাবে না। আবার দেখা গেছে, নিয়ম মেনে মানচিত্র নিয়ে কাজ করতে গেলেও কোনো লাভ হয় না। কারণ, ঢাকার অধিকাংশ পাইপলাইন প্রায় ৫০ বছরের পুরোনো। তাই মানচিত্রে ওই লাইন সম্পর্কে যে নির্দেশনা রয়েছে, তা এখন বাস্তবের সঙ্গে মেলে না। নগরের রাস্তাঘাট, বাড়িঘর—সব বদলে যাওয়াই এর কারণ। তাই সরেজমিনে দেখেশুনে (ফিজিক্যাল ভেরিফিকেশন) কাজ করাটাই গুরুত্বপূর্ণ।
নওশাদ ইসলাম আরও বলেন, উত্তরা অপেক্ষাকৃত নতুন শহর হওয়ায় সেখানকার মানচিত্র দেখে কোথায় কোন সংস্থার স্থাপনা রয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু এর চেয়ে পুরোনো এলাকাগুলোতে তা পাওয়া যায় না। সে কারণে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল ‘জিআইএস ম্যাপিং (গ্লোবাল ইনফরমেশন সিস্টেম মানচিত্র)’ করার। কিন্তু সে জন্যও ভূগর্ভে বিদ্যমান স্থাপনাসমূহের একটি বাস্তব চিত্র পাওয়া অপরিহার্য। সেটা পেতে হলে অনেক সময় ও ব্যয়সাপেক্ষ একটি প্রকল্প প্রয়োজন। তাই সেটি আর নেওয়া হয়নি।
অন্যান্য সূত্র বলে, আসলে প্রায় সব উন্নয়নকাজই করা হয় অনুমানের ওপর নির্ভর করে। সে জন্যই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনাকে অপরিকল্পিত নগরায়ণের অভিশাপ বলা যায়।
ভূগর্ভের অবস্থা যখন এই, তখন ভূতলে (রাস্তাঘাট ও বাসাবাড়িতে) বিস্ফোরক হিসেবে ছড়িয়ে পড়ছে নিম্নমানের গ্যাস সিলিন্ডার। এর মধ্যে সিএনজিচালিত যানবাহনের রক্ষণাবেক্ষণহীন সিলিন্ডার যেমন রয়েছে, তেমনি আছে এলপি গ্যাসের সিলিন্ডার।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) নির্ভরযোগ্য সূত্র জানায়, বাজারে কিছুটা কম দামে পাওয়া যায় বলে অনেক গ্রাহক নিম্নমানের সিলিন্ডারের প্রতি আগ্রহী হচ্ছেন। কিন্তু দু-এক বছর পর এসব সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা আছে। আবার বেশি দামে কিনলেই যে সেই সিলিন্ডার মানসম্পন্ন, তা-ও বলা যাবে না। কারণ, অনেক সময় নিম্নমানের জিনিসও ভালো বলে চালানোর জন্য দাম বেশি রাখা হয়। বিষয়টি নিয়ে সাধারণ গ্রাহক ঝুঁকির মধ্যে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন প্রথম আলোকে বলেন, সিএনজি এবং এলপি গ্যাসের সিলিন্ডারের যথাযথ মান বজায় রাখার প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। না হলে দুই-এক বছরের মধ্যে এগুলোর বিস্ফোরণজনিত দুর্ঘটনা বাড়তে থাকবে। আর শহর-নগরে উন্নয়ন কাজের ক্ষেত্রে সেবা সংস্থাগুলোর সমন্বয় অত্যন্ত জরুরি।
এ ছাড়া বাসাবাড়িতে সরবরাহ করা পাইপলাইনের গ্যাস ব্যবহারের অবকাঠামো, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উদাসীনতা এবং অবহেলার কারণেও হতাহতের অনেক ঘটনা ঘটেছে। অবৈধভাবে সংযোগ নেওয়া গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের শেষ ঘটনাটি ঘটেছে ঢাকার উত্তরায়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সূত্র জানায়, তারা ওই বাড়িতে গ্যাস-সংযোগ দেয়নি। অবৈধভাবে সংযোগ নেওয়া হয়। ওই বাড়ির রাইজারটিও (রাস্তার লাইন থেকে বাড়িতে সংযোগ দেওয়ার জন্য বাড়ির বহিরাঙ্গনে স্থাপিত যন্ত্রবিশেষ) ছিল অবৈধ। বাড়িটির চিলেকোঠার ফ্ল্যাটটিসহ বিভিন্ন ফ্ল্যাটের রান্নাঘরে গ্যাসের যে লাইন টানা হয়েছে, তা-ও ছিল আনাড়ি হাতের কাজ। কোনো স্বীকৃত, বৈধ, কিংবা পেশাদার লোক তা করেননি।