জাল-বেড়ায় বন্দী সিংড়ার চলনবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলনবিলে সোঁতিজাল ও বানার বেড়া দিয়ে বাঁধ দিয়ে চলছে নির্বিচারে মাছসহ জলজ প্রাণী নিধন। ছবিটি সিংড়ার ​শেরকোল এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
চলনবিলে সোঁতিজাল ও বানার বেড়া দিয়ে বাঁধ দিয়ে চলছে নির্বিচারে মাছসহ জলজ প্রাণী নিধন। ছবিটি সিংড়ার ​শেরকোল এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল ও আত্রাই নদে বিভিন্ন স্থানে সোঁতিজাল ও বানার বেড়া বসিয়ে বাঁধ দিয়ে অবাধে মাছ, শামুক, কাঁকড়া ও জলজ উদ্ভিদ নিধন চলছেই। বারবার অভিযান চালিয়েও স্থানীয় প্রশাসন চলনবিলের জলজসম্পদ রক্ষা করতে পারছে না। এভাবে সোঁতিজাল ও বানার বেড়া বসিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত করায় বোরো ধান ও চৈতালী ফসলের উৎপাদন বিঘ্নিত হচ্ছে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নাটোর-বগুড়া সড়ক হয়ে সিংড়া শহরে ঢুকতেই সিংড়া সেতু। সেতুর ঠিক বাঁ পাশেই নাগর ও গুড় নদ মিলিত হয়ে আত্রাই নদ নামে বয়ে চলেছে যমুনা অভিমুখে। চলনবিলের উত্তর, পূর্ব ও পশ্চিম অংশের আরও কয়েকটি নদ-নদী ও খালের পানিও এই নদে এসে মিশেছে। ফলে চলনবিলের বিশাল জলরাশির মাছ, শামুক, কাঁকড়াসহ নানা জাতের জলজ প্রাণী আত্রাই নদে এসে জড়ো হয়। এ কারণে নদটিতে মাছসহ জলজ প্রাণীর বৈচিত্র্যও ব্যাপক। ফলে নদের দিকে শিকারিদের লোলুপ দৃষ্টিও প্রখর। বিশেষ করে নভেম্বরের শুরু থেকে এই নদ ও তীরবর্তী বিলে সোঁতিজাল ও বানের বেড়া দিয়ে মাছসহ নানা ধরনের জলজ প্রাণী নিধনের মহোৎসব শুরু হয়। প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব উপকরণ উচ্ছেদ করলেও পরক্ষণেই আবার শুরু হয় ওই সব শিকারির তৎপরতা।
আত্রাই নদের তীরের কতুয়াবাড়ি এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৫) বলেন, কতুয়াবাড়ি বাঁকে আত্রাই নদের এপার থেকে ওপার পর্যন্ত সোঁতিজাল পাতা হয়েছে। ফলে নদের সব ধরনের মাছ ও জলজ প্রাণী এই জালে আটকা পড়ছে। গ্রামের আজাহার আলী নামের এক প্রভাবশালী এটা নিয়ন্ত্রণ করছেন। স্থানীয় প্রশাসন বারবার এখানে অভিযান চালালেও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছেন। তাঁর মতো আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সিংড়ার কালীনগর, সাতপুকুরিয়া, কলম, তাজপুর ও নুরপুর এলাকায় সোঁতিজাল ও বানের বেড়া দিয়ে অবাধে মাছ, কাঁকড়া ইত্যাদি নিধন করছেন।
তবে কতুয়াবাড়ির আজাহার আলী সোঁতিজাল নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করে বলেন, কে এসব বসিয়েছে, তা তিনি জানেন না।
সরেজমিনে সিংড়ার শেরকোল এলাকায় গিয়ে দেখা যায়, চলনবিলের বুক চিরে প্রায় এক কিলোমিটার লম্বা বানার বেড়া। এরই মাঝে মাঝে পেতে রাখা হয়েছে খোলসুন, বাঁশের ফাঁসসহ মাছ শিকারের নানা উপকরণ। এতে পানির স্রোতে ভেসে আসা মাছের পাশাপাশি শামুক, কাঁকড়াসহ পোকামাকড় পর্যন্ত আটকা পড়ছে।
ওই জায়গায় দাঁড়িয়ে থাকা শেরকোল পশ্চিমপাড়ার আলী আক্কাছ, আবেদ আলী ও জমির উদ্দিনের কাছে এই বেড়া কারা বসিয়েছেন জানতে চাইলে তাঁরা কারও নাম বলতে চাননি। তবে এই বেড়া ও সোঁতিজাল তাঁদের চাষাবাদের ক্ষতি করছে বলে জানিয়ে আবেদ আলী বলেন, অনেক ক্ষতি করছে। এর জন্য বিলের পানি নামতে দেরি হচ্ছে। চৈতালী ও বোরো ধান চাষের সময় পার হয়ে যাচ্ছে। ইটালি, সাতপুকুরিয়া ও চৌগ্রাম এলাকার চাষিরাও একই সমস্যার কথা জানান।
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, তিনি নিজে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে বহুবার চলনবিলের সোঁতিজাল ও বানার বেড়া উচ্ছেদ করিয়েছেন। কিন্তু অভিযানের পর আবারও এসব বসানো হয়। অভিযান অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় জনবল ও অর্থ সংকট রয়েছে বলেও তিনি জানান। এলাকার মানুষ সামাজিকভাবে সচেতন না হলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণও করা যাবে না বলে তিনি মত প্রকাশ করেন।
এদিকে আমাদের রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, এ উপজেলার ফুলজোড় ও ইছামতী নদীর বিভিন্ন এলাকায় মাছ ধরার জন্য কাঠা (বাঁশ ও গাছের ডালপাতা দিয়ে ঘেরা দিয়ে রাখা) দেওয়ার হিড়িক পড়েছে। নদীর বিভিন্ন অংশে স্থানীয় প্রভাবশালীরা এসব কাঠা বসাচ্ছেন বলে জানান মৎস্যজীবীরা।
গতকাল মঙ্গলবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা, সিমলা, ধানগড়া ইউনিয়নের ঝাপড়া, রায়গঞ্জ, রায়গঞ্জ পৌরসভার ধানগড়া, মহেশপুর, ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী, ঘুড়কা, ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রহ্মগাছা, সুবর্ণগাঁতী, পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসীসহ বিভিন্ন এলাকা ঘুরে এই অবস্থা দেখা যায়।
নদীপাড়ের অন্তত ১০ জন বাসিন্দা বলেন, বছরের এ সময়ে যখন নদীর পানিতে টান ধরে, তখন স্থানীয় প্রভাবশালীরা নদীতে কাঠা দিতে শুরু করে। নদীর মাছগুলো এসব কাঠায় আটকা পড়ে সেখানেই বড় হতে থাকে। একসময় প্রভাবশালীরা এসব মাছ ধরে বিক্রি করে। সাধারণ মৎসজীবীরা আর কাঠার কারণে নদীতে জাল ফেলে মাছ ধরার সুযোগ পায় না।
উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, কাঠা দেওয়ার কারণে বছরের প্রায় তিন মাস এ দুটি নদ-নদী থেকে প্রকৃত মৎস্যজীবীরা মাছ ধরতে পারে না। এ সময় পুকুর আর ডোবার মাছ ধরেই তাদের সময় পার করতে হয়।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, নদীতে দেওয়া কাঠা অপসারণ করতে দু-এক দিনের মধ্যেই মাইকিং করা হবে। এরপরেও কাঠা নদীতে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।