জাসদ নেতা নূরে আলম জিকুর ইন্তেকাল
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, জাসদের সাবেক সভাপতি নূরে আলম জিকু (৭২) গতকাল রোববার ভোরে রাজধানীর শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার দুপুর ১২টায় জাসদ কার্যালয়ের সামনে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। জাসদ কার্যালয়ের পর বায়তুল মোকাররম ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে তাঁকে দাফন করা হবে। গতকাল রোববার জিকুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আহসান মঞ্জিল মাঠে। এরপর প্রয়াতের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ২০০৫ সালের পর থেকেই তিনি শারীরিক নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ ১ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মুক্তিযুদ্ধে বিএলএফের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডেপুটি কমান্ডার নূরে আলম জিকু ১৯৮৮ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। ওই সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন।নূরে আলম জিকুর মৃত্যুতে স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় শ্রমিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, বাংলাদেশ ছাত্রলীগ (ত-মা), ফিলিস্তিন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদও শোক প্রকাশ করেছে।