জাসদ নেতা সৈয়দ জাফর সাজ্জাদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ আর নেই। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি হূদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন। শোকবার্তা পাঠিয়েছেন সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ফোরামের ভারত চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মানিক সমাজদার।জাসদের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সর্বত্র দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কেন্দ্র এবং জেলা-উপজেলা পর্যায়ে শোক ও স্মরণসভার আয়োজন করা হবে। গতকাল দুপুর ১২টায় তাঁর লাশ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আনা হয়। সেখানে আওয়ামী লীগ, ১৪ দল, ১১ দল, সিপিবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ, সাম্যবাদী দলসহ মুক্তিযুদ্ধের সপক্ষ দলীয় জাতীয় নেতারা এবং বিভিন্ন ছাত্র-শ্রমিক-নারী-শ্রমিক-কৃষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রয়াত নেতার লাশ তাঁর গ্রামের বাড়ি ঈশ্বরদী উপজেলার পাকশীতে নিয়ে যাওয়া হয়। সেখানে পাকশী রেলওয়ে মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।