জাসদ নেতার মুক্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাসদের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের জেলা সভাপতি গোলাম মহসিনের নেতৃত্বে মিছিলে জাসদের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। মিছিলে নেতা-কর্মীরা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা আবদুল গফুরকে মারধরের অভিযোগে গত বুধবার সকালে কুষ্টিয়া মডেল থানায় পাউবোর উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বাদী হয়ে জিল্লুর রহমানসহ চারজনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।