জাসদ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফুল ইসলামের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শিবগঞ্জ একাডেমির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলামকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শেষে ক্লাব সুপার মার্কেট মোড়ে সমাবেশের আয়োজন করে জেলা জাসদ।কানসাট ইউপির চেয়ারম্যান বেনাউল ইসলাম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, আরিফুল ইসলাম একাডেমির মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মনিরুজ্জামান। তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পঙ্গু হাসপাতালে অবস্থানরত আরিফুল ইসলামের ভগ্নিপতি কামরুজ্জামান জানান, দুর্বৃত্তরা তাঁর ডান পা ও বাঁ হাতের রগ কেটে দিয়েছে। হামলায় আরিফুলের ডান পা ভেঙে গেছে। গতকাল তাঁর হাতের অস্ত্রোপচার হয়েছে বলেও জানান তিনি। জামায়াতের জেলা আমির নজরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, হামলার পর দুর্বৃত্তরা আরিফুল ইসলামের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।