কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় লক্ষ্মীপুর গ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের আহত কর্মী সাহাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। এ ঘটনার জের ধরে গতকাল আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাসদ সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট চালান বলে অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আড়িয়া ইউনিয়ন পরিষদের লক্ষ্মীপুর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা খাজা মইনুদ্দিন ও জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে আওয়ামী লীগের কর্মী সাহাজুলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাহাজুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে জাসদ সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। জাসদের নেতা কারশেদ আলম দাবি করেন, গতকালের হামলায় কাজল (২৫) নামের তাঁর এক সমর্থক আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাসদের সমর্থকদের কয়েকটি বাড়ি থেকে গরু-ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।আওয়ামী লীগের নেতা খাজা মইনুদ্দিন বলেন, জাসদের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের সহায়তায় সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। তাঁরা নিজেরা মালামাল অন্যত্র সরিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, খুনের ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকা স্বাভাবিক। তবে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে আছে।