জাসদের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাঠে আরও ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

ফেনী-১ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনেই বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাসদের শিরীন আখতার। দলের নির্দেশে আওয়ামী লীগের প্রার্থী সরে দাঁড়ানোয় শিরীন আখতার জীবনে প্রথম সাংসদ হলেন।
শিরীন আখতারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও নির্বাহী সভাপতি মইন উদ্দীন খান বাদল।
এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সালে একটি করে আসন পেয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ২০০১ সালে একটি আসনেও জিততে পারেনি দলটি। সর্বশেষ ২০০৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটভুক্ত হয়ে ইনু, বাদলসহ জাসদের তিনজন নেতা জীবনে প্রথম সাংসদ নির্বাচিত হন। হাসানুল হক ইনু বর্তমান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে আছেন।
এবারের একতরফা নির্বাচনে এরই মধ্যে দলীয় প্রধান হাসানুল হক ইনুসহ জাসদের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আরও ২১ জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে দুজন আবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আছেন। তাঁরা খুব আশাবাদী, নির্বাচিত হবেন। বাকি ১৯ জন দলীয় মশাল প্রতীক নিয়ে ভোট করছেন। মশাল প্রতীকধারীদের অন্তত ১০ জনের প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগের প্রার্থী।
বিরোধীদলবিহীন এ নির্বাচনে অংশ নেওয়া ও সহজ জয় সম্পর্কে বক্তব্য জানতে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। মুঠোফোনে খুদেবার্তা পাঠালেও তাঁর সাড়া পাওয়া যায়নি।