জাসদের দুপক্ষকে শুনানিতে ডেকেছে ইসি
খণ্ডিত জাসদের দুই পক্ষকে আগামী বুধবার শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশন বুধবার বেলা ১১টায় একাংশের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের সঙ্গে এবং বেলা তিনটায় অপর পক্ষের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও মইন উদ্দীন খান বাদলের সঙ্গে বৈঠক করবে। এ বিষয়ে দুই পক্ষকে আজ কমিশন সচিবালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ থেকে খণ্ডিত জাসদকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কারণ দুই পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে কার লেখা চিঠির ভিত্তিতে দলের প্রার্থিতা নিশ্চিত হবে, কে মশাল পাবে—ইত্যাদি বিষয়টি নিয়ে প্রশ্ন উঠবে। তাই এই বিরোধটি তাঁদের দুই পক্ষকে দ্রুত নিষ্পত্তি করতে বলা হবে। সে জন্য তাঁদের ডাকা হচ্ছে।
গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। একপক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপরপক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। এরপর দুই পক্ষই ২৩ মার্চ নির্বাচন কমিশনে নিজেদের নতুন কমিটি জমা দেয়।
কমিশনের একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, কমিশন কোনো একটি পক্ষকে যোগ্য মনে করে মশাল বরাদ্দ দিলে অপর পক্ষ আদালতে যাবে। সে ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি হবে। তাই কমিশন বিষয়টি নিষ্পত্তির জন্য জাসদের দুই পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দিতে পারে।