জাসদের প্রার্থীর পক্ষে নির্বাচন করায় হাতুড়িপেটা!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে জাসদের চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিলের (মশাল প্রতীক) পক্ষে নির্বাচন করায় তারেক মালিথা (২৮) নামের এক যুবককে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত তারেককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পুরাতন আটি গ্রামে এ ঘটনা ঘটে। তারেক ওই গ্রামের নজরুল মালিথার ছেলে।
তারেকের ভাষ্যমতে, ইউপি নির্বাচনের সময় তাঁরা ওই এলাকায় মশাল প্রতীকের পক্ষে নির্বাচন করায় স্থানীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিম বিশ্বাসের লোকজনের রোষানলে পড়েন। ওই সময়ই তাঁরা ভোটের পর দেখে নেবেন বলে হুমকিও দিয়েছিলেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে একই গ্রামের নিজামের ছেলে নাজিম ব্যক্তিগত কথা আছে বলে তারেককে রাস্তার পাশে কলাবাগানে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক হাতুড়ি, হকিস্টিক ও রামদা নিয়ে তারেকের ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে তারেক অচেতন হয়ে পড়লে তাঁকে মৃত ভেবে ওই যুবকেরা চলে যান।
পরে তারেকের চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জসিম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কোনো নেতা-কর্মী এ ঘটনায় জড়িত নন।
এ ব্যাপারে মিরপুরের ছোন্দাহ ক্যাম্পের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে থাকতে পারে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন।