জাসদের প্রার্থীর বিরুদ্ধে আবারও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী ও জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম (মশাল) গত বুধবার মোটরসাইকেল শোভাযাত্রা বের করে প্রচারণা চালিয়ে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
নির্বাচনী আচরণবিধি ৮-এর ‘ক’ ধারা অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা তাঁদের পক্ষে কোনো ব্যক্তি ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন নিয়ে মিছিল কিংবা কোনো মহড়া প্রদর্শন করতে পারবেন না। এ ছাড়া আচরণবিধি ৭-এর ৪ উপবিধি (৩) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি কেবল তাঁর বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে ছাপাতে পারবেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি নুরুল আমীন অভিযোগ করেন, প্রচারণার শুরু থেকেই জাসদের প্রার্থী আচরণবিধি মানছেন না। জাসদের প্রার্থী হয়েও তিনি নির্বাচনী পোস্টারে আওয়ামী লীগের দলীয় স্লোগান ‘জয় বাংলা; জয় বঙ্গবন্ধু’ এবং ‘১৪ দল-সমর্থিত’ উল্লেখ করে আচরণবিধি লঙ্ঘন করেন। গত বুধবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওই প্রার্থী নতুন করে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।
নন্দীগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায় জানান, জাসদ প্রার্থী তাঁর পোস্টারে ‘১৪ দল-সমর্থিত’ লিখে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ জন্য প্রশাসনের উদ্যোগে বুধবার নন্দীগ্রাম উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে এসব পোস্টার সরিয়ে নেওয়া হয়। ওই প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রা বের করে আরেক দফা আচরণবিধি লঙ্ঘন করেছেন—এমন অভিযোগ তিনি এখনো পাননি। লিখিত অভিযোগ পেলে এবং তদন্ত করে তা প্রমাণ হলে নির্বাচনী বিধি অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, এ আসনটি জাপাকে ছেড়ে দেওয়ায় দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু দলের স্থানীয় নেতা-কর্মীদের বেশির ভাগই জাসদ প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন।
প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রেজাউল করিম বাসস্ট্যান্ড চত্বর থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। রেজাউল করিম বলেন, ‘প্রচারণায় কাউকে আমি কাউকে ডেকে আনিনি।’