জাসদের ফিরোজ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক জাসদের (ইনু) প্রার্থী আবু বকর মো. ফিরোজ। গতকাল মঙ্গলবার সকালে সরাইল প্রেসক্লাবে পাঠানো এক চিঠিতে তিনি এ ঘোষণা দেন।
ফিরোজ তাঁর পত্রে উল্লেখ করেন, ‘এই নির্বাচনে আমার দল জাসদ (ইনু) থেকে সিদ্ধান্ত ছিল যে, ১৪ দল তথা মহাজোট থেকে
নৌকা প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্যপদে নির্বাচন করব। কিন্তু শেষ পর্যন্ত মহাজোট থেকে সেরূপ সিদ্ধান্ত না দেওয়ায় চলতি নির্বাচনে আর প্রার্থী হচ্ছি না।’
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা জাসদের নেতা ফিরোজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যেখানে দেশের মোট ভোটারের অর্ধেকের বেশি ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, সেখানে নির্বাচনে প্রার্থী হওয়াটা আমার কাছে ভালো লাগেনি। এ অবস্থায় আমি কোনো ভোটারের কাছে ভোটও চাইনি।’