জাসদের বাদল, জাপার শেঠ মনোনয়ন নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের মনোনয়নপত্র গ্রহণের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদল ও জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ। আজ মঙ্গলবার তাঁরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে এবং বাদল চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন।

মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘আমার পক্ষে আমার লোক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি ১৪ দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কয়েক দিন দেশের বাইরে থাকব বলে আগেভাগে নিয়ে জমা দেব।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও চট্টগ্রাম জেলা এবং থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে। সোলায়মান আলম শেঠ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন।

জানতে চাইলে সোলায়মান বলেন, ‘কোতোয়ালি আসনে জাতীয় পার্টি থেকে আমার প্রার্থিতা অনেকটা নিশ্চিত। আমি চেয়ারম্যানের অনুমতি নিয়েই মনোনয়ন নিয়েছি।’

এদিকে চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দুই রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ মিয়া এবং জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বৈঠক করেছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার বিষয়ে সভায় আলাপ হয়। এ ছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করেছেন।