জাসদের সাংসদের বিরুদ্ধে আ.লীগের জুতামিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ ও বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিমের (তানসেন) বিরুদ্ধে জুতা মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ।
সাংসদের বিরুদ্ধে টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ লুটপাট, স্বজনপ্রীতি, আত্মসাৎ এবং সরকারি খাসপুকুর জবরদখলের অভিযোগ এনে গতকাল বুধবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা সদরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই জুতা মিছিল করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ সাংসদ-সমর্থক জাসদের স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামকে লাঞ্ছিত করেছেন। তাঁরা জাহেদুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও বের করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ ঘটনায় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রস্তুত রাখা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামের নেতৃত্বে দুপুর ১২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বর থেকে জুতা মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জুতা মিছিলের খবরে সাংসদের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা দেড়টার দিকে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচে জাহেদুল ইসলামকে একা পেয়ে লাঞ্ছিত করেন। বেলা দুইটার দিকে তাঁরা জাহিদুলের বিরুদ্ধে মিছিল বের করেন।
জাহেদুল ইসলাম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত সাংসদ রেজাউল করিম দুর্নীতি, লুটপাটের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন। তিনি টিআর-কাবিখার মতো প্রকল্পে লুটপাটের রেকর্ড গড়েছেন। সরকারি খাসপুকুর প্রভাব খাটিয়ে জবরদখল করছেন। সাংসদের এসব লুটপাট-অনিয়মের প্রতিবাদ জানাতে আমরা মিছিল করি। কিন্তু উপজেলা জাসদের সাবেক সভাপতি কামরুজ্জামানের নেতৃত্বে সাংসদের লোকজন আমাকে একা পেয়ে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে কামরুজ্জামান বলেন, সাংসদের বিরুদ্ধে জুতা মিছিল করার পর দলীয় কর্মী-সমর্থকেরা পাল্টা মিছিল বের করেন। তবে জাহিদুলকে লাঞ্ছিত করার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।
সাংসদ রেজাউল করিম মুঠোফোনে দাবি করেন, ‘আমার নির্বাচনী এলাকায় টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। আমার এলাকাতেই খুব স্বচ্ছভাবে এটি পরিচালিত হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘মূলত এখানে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কিছু অনৈতিক দাবি ছিল। তার পরও আমি কিছুটা পূরণ করেছি। এর পরও গুটি কয়েক নেতা ব্যক্তিগত স্বার্থে দলীয় নেতা-কর্মীদের ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’ তিনি দাবি করেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী গুটি কয়েক নেতা উন্নয়ন বরাদ্দে ভাগ-বাঁটোয়ারা চেয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এর আগে সোমবার কাহালু উপজেলা আওয়ামী লীগের সাংসদ রেজাউল করিমের বিরুদ্ধে ১৫টি ভুয়া প্রকল্পের মাধ্যমে টিআর কর্মসূচির বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।