জাসদের ৪টি, তরীকতের ২টি আসন নিশ্চিত করেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি শুরু করেছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চারটি এবং তরীকত ফেডারেশনকে দুটি আসন নিশ্চিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে শরিক কয়েকটি দলের সঙ্গে আওয়ামী লীগের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাসদের নেতাদের মধ্যে কুষ্টিয়া-২ আসন থেকে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরিন আখতার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শাহ জিকরুল আহমেদ ও চট্টগ্রাম-৭ আসনে মাঈনুদ্দিন খান বাদলকে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া নড়াইল-১ আসনে শরীফ নুরুল আম্বিয়া ও পঞ্চগড়ের একটি আসনে নাজমুল হক প্রধানের মনোনয়নের বিষয়ে বৈঠকে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারিকে চট্টগ্রাম-২ আসনে ও মহাসচিব এম এ আউয়ালকে লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে। গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি। দলটির বর্তমান দুজন সাংসদ রাশেদ খান মেননকে ঢাকা-৮ ও ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ আসনে কাজ করতে বলা হয়েছে।
বৈঠক শেষে তিন দলের প্রার্থী তালিকা নিয়ে রাতেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান দলের দুই জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।
১৪ দলের নেতারা জানান, জাতীয় পার্টি (জাপা) নির্বাচন থেকে আদৌ সরে যাবে কি না, বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। জাপার সিদ্ধান্তের ওপর নির্ভর করে আরও কিছু আসন বণ্টন হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাপার নেতা মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম ঢাকা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই আসনেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মান্নান খান এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা পরম আলীও মনোনয়নপ্রত্যাশী। জাপার সিদ্ধান্তের অপেক্ষায় এমন বেশ কিছু আসনে আওয়ামী লীগসহ ১৪ দলের প্রার্থী চূড়ান্ত করার কাজ আটকে রয়েছে।
গতকালের বৈঠকে আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, তরীকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ উপস্থিত ছিলেন।