জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও ডিপ্লোমা প্রকৌশলী আসাদ খন্দকারকে (৩৪) প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সোহাগ, মহসিন, জুয়েল, শাহীন, আজিজুল হাকিম ও আক্কাস আলী। তাঁরা সবাই মামলার এজাহারভুক্ত আসামি। পূর্ববিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, গত সোমবার রাত নয়টার দিকে রাজানগর ইউনিয়নের পড়ারচক গ্রামের বাড়ি থেকে আসাদ রাজানগর বাজারে দোকানে কেনাকাটা করতে যান। রাত সাড়ে নয়টার দিকে সন্ত্রাসীরা বাজারেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে বাজারের আশপাশের ব্যবসায়ীরা তাঁকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি রাত সাড়ে ১০টায় মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই রাজানগর বাজার ও আশপাশ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার সকালে সোহাগ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল আসাদের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। সিরাজদিখান থানার ওসি আবুল বাশার গতকাল রাতে প্রথম আলোকে জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ গতকাল তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।