জাসাসের উপদেষ্টার বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বেসরকারি সংস্থা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, লায়ন নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভোলার চরফ্যাশন পৌর এলাকার শরীফপাড়ায় তাঁর বাসভবনে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় এক সংবাদকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। সন্ত্রাসীদের বাধা দেওয়ায় তারা হামলা চালিয়ে সংবাদকর্মী আমির হোসেন, জাহাঙ্গীর, শফিক, ইয়াসিন, আলী মালতিয়াকে আহত করেন। আহতরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। নজরুলের ব্যক্তিগত সহকারী সফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের আগে উপজেলা শ্রমিক লীগ নজরুলের কাছে চাঁদা দাবি করে। নজরুল এ চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সম্ভবত এ কারণেই শ্রমিক লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় লায়ন নজরুল গরিবদের মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণের সময় কিছুটা বিলম্ব হচ্ছিল। সন্ত্রাসীরা এ বিলম্বকে অজুহাত করে নজরুলের বাসভবনে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ঘরের চেয়ার-টেবিল, খাট, জানালার কাচসহ ঘরের আসবাব ভাঙচুর এবং নজরুলকে একটি ঘরে আটকে রাখে। সন্ত্রাসীরা বাড়িতে রাখা নজরুলের একটি জিপও ভাঙচুর করে। নজরুল বলেন, ‘কে বা কারা এ হামলা চালিয়েছে আমি সঠিকভাবে বলতে পারব না। তাই এ ঘটনায় মামলা না করে সাধারণ ডায়েরি করেছি।’ তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের কিছু কর্মী ও নেতা আমার কর্মী প্রিন্স মহাজনের কাছে চাঁদা ও শাড়ি-লুঙ্গি দাবি করেছিলেন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, নজরুল ইসলামের বাড়িতে হামলার ঘটনার সঙ্গে শ্রমিক লীগের কোনো সম্পৃক্ততা নেই। শুনেছি লায়ন নজরুল ইসলাম ভবিষ্যতে ভোলা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য এলাকায় সমাজসেবা করে আসছেন। এ জন্য লায়ন পক্ষ ও নাজিম উদ্দিন আলম পক্ষের মধ্যে কোন্দল চলে আসছে। এ ঘটনা তারই বহিঃপ্রকাশ। এখন এতে আমাদের জড়ানো হচ্ছে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, দুর্বৃত্তরা হামলা করেছে বলে লায়ন নজরুল ইসলাম থানায় একটি ডায়েরি করেছেন। এখানে শ্রমিক লীগকে জড়ানো হয়নি।