জাহাঙ্গীর এখন গাজীপুরে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আলোচিত প্রার্থী জাহাঙ্গীর আলম এখন গাজীপুরে। আজ রোববার বেলা তিনটার দিকে গাজীপুর পৌঁছান তিনি। আজ সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার কথা তাঁর। এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হন জাহাঙ্গীর। বেলা পৌনে দুইটার দিকে প্রথম আলো ডটকমকে তিনি মুঠোফোনে বলেন, ‘আজ গাজীপুর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিষয়ে আমার অবস্থান সবাইকে জানাব।’ জেলা আওয়ামী লীগের নেতাদের দাবি, সংবাদ সম্মেলনের পর সব ধরনের বিভ্রান্তি দূর হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানকে নির্বাচিত করতে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করলেও হাইকোর্টের আদেশে তিনি প্রতীক বরাদ্দ পান এবং নির্বাচনী প্রচারণা শুরু করেন।
তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজমত উল্লাহ খানকে সমর্থন দিয়ে জাহাঙ্গীর আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জাহাঙ্গীরের ঘনিষ্ঠজনেরা বলছেন, তিনি নির্বাচনী লড়াইয়ে আছেন, সরে যাননি।
শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জাহাঙ্গীর। নির্বাচনী মাঠে তাঁর অনুপস্থিতি ইতিমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।