জাহাঙ্গীর কোথায়, জানতে চান ফখরুল

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকে গুম করা হয়েছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর কোথায় আছেন, তা-ও তিনি সরকারের কাছে জানতে চান।
আজ শনিবার রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে ফখরুল বলেন, ‘পত্রিকায় এসেছে, জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীরকেও ইলিয়াস আলীর মতো গুম করা হলো কি না, জাহাঙ্গীর কোথায় আছেন, তা জনগণ জানতে চায়।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রতিবারই ক্ষমতায় এসেছে গায়ের জোরে, পেশিশক্তি দিয়ে, কৌশলে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করে। এ ক্ষেত্রে তিনি ’৭৩-এর নির্বাচন, এ সরকারের আমলের ভোলা, ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন এবং সর্বশেষ গাজীপুর সিটি নির্বাচনের উদাহরণ টানেন।
ফখরুল অভিযোগ করেন, যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম নির্বাচনে দাঁড়ালে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও গোয়েন্দা সংস্থার লোকজন তাঁকে তুলে নিয়ে যান গণভবনে। এখন তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রধানমন্ত্রীর যুক্তি অমূলক
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যুক্তি দিচ্ছেন, তা অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
আবার তত্ত্বাবধায়ক এলে দুই নেত্রীকেই জেলে যেতে হবে—প্রধানমন্ত্রীর এ ধরনের যুক্তির পাল্টা জবাব দিয়ে ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সন্নিবেশিত হলে সত্যিকারার্থে চুরি, দুর্নীতি না করলে এ ধরনের কিছু হবে না।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের পথেই আছি। দয়া করে আপনি গণতন্ত্রের পথে ফিরে আসুন।’
অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে বিরোধী দল নির্মূলে কথায় কথায় গুলি করা আর মিথ্যা মামলা দেওয়া হয় না।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় সরকারের অধীনে ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।
সংসদে অশালীন বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ নেতা যদি অশালীন ভাষায় কথা বলেন, সংসদে অশালীন বক্তব্য তো হবেই। আমাদের সংসদ নেতা যেসব কথা বলেন, কোনো সংসদ নেতাকে এভাবে কথা বলতে শুনিনি। এটা আমাদের জন্য লজ্জার।’
তারেক রহমানকে ভবিষ্যত্ রাজনীতির ধারক উল্লেখ করে ফখরুল অভিযোগ করেন, মিথ্যা মামলা, মিথ্যা প্রচারণার মাধ্যমে তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে।
সমাবেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ বক্তব্য দেন।