জাহাঙ্গীর গাজীপুরে ফিরবেন আজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী জাহাঙ্গীর আলমকে গতকাল শনিবারও 
গাজীপুরে দেখা যায়নি। তবে আওয়ামী লীগের স্থানীয় এক অংশের নেতারা বলছেন, তাঁকে আজ রোববার
নির্বাচনের মাঠে দেখা যেতে পারে।
ঘনিষ্ঠজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবস্থা বেগতিক দেখে গত শুক্রবার রাতে জাহাঙ্গীর রাজধানীর
অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতালে তাঁকে দেখতে
যান। এ ছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ সাইফুজ্জামান (শিখর) গতকাল তাঁর সঙ্গে যোগাযোগ
করেছেন। ওই হাসপাতালে যোগাযোগ করে জানা গেছে, জাহাঙ্গীর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকি
ৎসাধীন আছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হক শুক্রবার বলেছিলেন, শনিবার থেকে জাহাঙ্গীর
নির্বাচনী মাঠে থাকবেন। মোজাম্মেল হক গতকাল বলেন, রোববার তাঁকে নির্বাচনী প্রচারণায় দেখা যাবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাহাঙ্গীর আলম।
নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করলেও হাইকোর্টের আদেশে তিনি প্রতীক বরাদ্দ পান এবং নির্বাচনী প্রচারণা
শুরু করেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজমত উল্লা খানকে সমর্থন দিয়ে জাহাঙ্গীর
আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জাহাঙ্গীরের ঘনিষ্ঠজনেরা বলছেন, তিনি নির্বাচনী লড়াইয়ে আছেন, সরে
যাননি।
গতকাল শহরের বাসন সড়ক এলাকায় তাঁর বাসায় গিয়ে কর্মীদের পোস্টার নিয়ে যেতে দেখা যায়। কর্মীরা বলেন,
জাহাঙ্গীর এখনো নির্বাচনে আছেন। আর যদি তিনি না থাকেন, তাহলে তাঁকে গাজীপুরে এসে ঘোষণা দিতে হবে।
জাহাঙ্গীরের কর্মী নজরুল ইসলাম বলেন, অনেক পোস্টার ও প্রচারপত্র ছাপা হয়েছে। নেতার কোনো নির্দেশনা নেই।
কর্মীরা এসে পোস্টার ও প্রচারপত্র বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছেন।