জাহাঙ্গীর জানেন না, কী তাঁর অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ দিন আটকের পর মুক্তির আনন্দে জাহাঙ্গীর। ছবি: প্রথম আলো
১৯ দিন আটকের পর মুক্তির আনন্দে জাহাঙ্গীর। ছবি: প্রথম আলো

‘ভাই, আমার অপরাধ কী আমি জানলাম না। কিন্তু ১৯ দিন আমারে আটকাইয়্যা রাখা হয়। কারা আটকাইছে তাও বুঝতে পারি নাই।’ গতকাল শুক্রবার দুপুরে টঙ্গীর ইজতেমার ময়দানে জুমার নামাজ পড়তে যাওয়ার আগে কথাগুলো বলছিলেন ভ্যানচালক জাহাঙ্গীর আলম।
উত্তরার ১২ নম্বর সেক্টরে বেলা ১১টার দিকে নিজের টিনের ভাঙাচোরা ঘরের সমানে দাঁড়িয়ে এ কথা বলার সময় জাহাঙ্গীরের চোখেমুখে ছিল মুক্তির আনন্দ।
গত ১০ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর বাসায় কাজ করার সময় মেহেদী মাসুদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে জাহাঙ্গীরকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান র্যাব পরিচয়ধারী কয়েক ব্যক্তি। এ ঘটনা সম্পর্কে ২৭ জানুয়ারি প্রথম আলো অনলাইনে ‘ভ্যানচালক জাহাঙ্গীরের হাদিস মিলছে না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর পরই ওইদিন সন্ধ্যায় ৫৪ ধারায় আটক দেখিয়ে বনানী থানায় নেওয়া হয় জাহাঙ্গীরকে। পর দিন ২৮ জানুয়ারি মঙ্গলবার নিম্ন আদালত থেকে মুক্তি পান তিনি। 
আটক করে কোথায় নেওয়া হয়েছিল জানতে চাইলে বার বার আঁঁতকে উঠছিলেন ৩০ বছরের এই যুবক। কাঁপা কাঁপা কণ্ঠে জাহাঙ্গীর বলেন, ‘উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে নেওয়ার পর মুখোশ লাগায়ে ফেলে। দু দিন পরে আমার চোখ খোলা হইছে।’
জাহাঙ্গীরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা থেকে আটক করে মুখোশ পরিয়ে অনবরত ঘোরানো হয় তাঁকে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বুঝতে পারছিলেন না জাহাঙ্গীর। এ সময় ভয়ে সময়জ্ঞান ভুলে গিয়েছিলেন তিনি। অবশ্য জাহাঙ্গীরের ধারণা, সাধারণ কোনো বাসায় তাঁকে নেওয়া হয়নি। লম্বা সিঁড়ি পার হয়ে হয়ে একটি ছোট ঘরে ঢোকানো হয় জাহাঙ্গীরকে।
জাহাঙ্গীর জানান, এ ঘরে কোনো জানালা বা বারান্দা ছিল না। ছিল না খাট কিংবা ফ্যান। মাথার ওপর শুধু একটি বাতি জ্বলত। বন্দিদশার প্রথম দু দিন আলোর দেখা পাননি তিনি। এ সময় তাঁর দু হাত বেধে কালো কাপড়ের মুখোশ পরিয়ে রাখা হয়। তিনি বলেন, ‘খাবারের সময় লোক এসে আমার মুখোশ খুইল্যা দিত। খাওয়া শেষ হইলে আবার মুখোশ পরাইয়্যা দিত।’

যে ব্যক্তিরা খাবার সরবরাহ করতেন জাহাঙ্গীরের কাছে তাঁদের সাধারণ লোকই মনে হয়েছে। খাবারের মান ভালোই ছিল। সকালে রুটি-ডাল, দুপুর ও রাতে ভাত-মাছ অথবা মাংস থাকত। সন্ধ্যা বেলায় মুড়ি খেতে দেওয়া হতো। প্রথম দিন জাহাঙ্গীরকে মাছ-ভাত ও আলু ভর্তা খেতে দেওয়া হয়েছিল।

বন্দিজীবনের আশপাশে কী ঘটছে তার কিছুই জানা ছিল না জাহাঙ্গীরের। যেন এক অজানা জগতে ডুবিয়ে রাখা হয়েছিল তাঁকে। চোখ দুটো বড় বড় করে জাহাঙ্গীর বলেন, ‘চার দিকে শুধু ওয়াল আর ওয়াল। আলো-বাতাস কিছুই দেখি নাই। টিভির তো প্রশ্নই ওঠে না। আমার সঙ্গে আটক মেহেদী মাসুদের দেখাও হয়নি। তাঁর কোনো খবরও পাইনি।’

দীর্ঘ ১৯ দিন জাহাঙ্গীর কোন মারধর বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। আটক করে রাখার কারণও ভয়ে জিজ্ঞেস করেননি জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমি বুঝতেও পারিনি কারা আমারে আটক করছে। র্যাব না পুলিশ কারা নিছে বুঝতে পারলে মনটারে বুঝাইতে পারতাম।’

এক কাপড় পরে বন্দী জীবন কাটিয়েছেন জাহাঙ্গীর। কক্ষের ভেতর শৌচাগারে গোসল করতে হয়েছে। এ জন্য একটি পুরোনো গামছা দেওয়া হয় তাঁকে।

গত সোমবার রাতে জাহাঙ্গীরকে আবার মুখোশ পরানো হয়। জাহাঙ্গীর বলেন, ‘একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। থানা হাজতে ঢোকানোর পর মুখোশ খোলা হয়। হাজতি গো জিজ্ঞাস কইর্যা শুনছি আমারে বনানী থানায় আনা হইছে। পরে শুধু জানছি আমারে ৫৪ ধারায় আটক করা হইছে। কিন্তু আমার অপরাধ কী তা জানতে পারলাম না! ’