জাহাঙ্গীর দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাভ্যান রাখা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার বিকেলে পুরান ঢাকার ইসলামবাগের ঈদগাহ মাঠে সালিস চলাকালে বোমার আঘাতে কৃষক লীগের নেতা ইদ্রিসুর রহমান (২৬) নিহত হন। পুরান ঢাকার সাংসদ হাজি মো. সেলিম ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) নেতা জাফর আহমেদ ওরফে রানা ও ছাত্রলীগের নেতা মো. সেলিমের মধ্যকার বিবাদ মেটাতে সালিস করছিলেন।

ইসলামবাগে সরেজমিনে ও পুলিশের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

ইদ্রিস হত্যাকাণ্ডে গত রোববার রাতে তাঁর ভাগনে জহিরুল হক ওরফে জুয়েল বাদী হয়ে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ ১৫ কর্মী ও সমর্থকের নাম উল্লেখ করে চকবাজার থানায় হত্যা মামলা করেন। এতে আরও অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। ইদ্রিস ২৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক। তিনি তাঁর ভাগনে জহিরুল হকের মুঠোফোনের দোকানে কাজ করতেন। তিনি ভাগনের পুরান ঢাকার শহীদনগরের বাসায় থাকতেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পোস্তা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলা হওয়ার পরই এজাহারভুক্ত জাহাঙ্গীর আলমকে ইসলামবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

পুলিশ জানায়, এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গতকাল বিকেলে সরেজমিনে ইসলামবাগে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, ইসলামবাগের চেয়ারম্যান গলিতে একটি কারখানার সামনে স্থানীয় যুবলীগের নেতা জাফর আহমেদের একাধিক সমর্থক রাস্তায় কয়েকটি রিকশাভ্যান রেখে আসছিলেন। সেখানের ছাত্রলীগের নেতা মো. সেলিম রিকশাভ্যানগুলো জাফরের সমর্থকদের সরিয়ে নেওয়ার জন্য বলেন। কারণ, রিকশাভ্যানের কারণে মানুষ চলাফেরা করতে পারেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে সেলিম বিষয়টি স্থানীয় সাংসদ হাজি মো. সেলিমকে জানান। সাংসদ রোববার ঈদগাহ মাঠে সালিস ডাকেন। সাংসদ হাজি সেলিমের ওই সালিসে সেলিম ও জাফর এবং তাঁদের সমর্থকেরা উপস্থিত হন।

যোগাযোগ করা হলে ঢাকা-৭ আসনের সাংসদ মো. সেলিম প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ না হলে তিনি এ বিষয়ে কিছু বলবেন না।

সালিসে নিহত ইদ্রিসের ভাগনে ও মামলার বাদী জহিরুল হকও অংশ নেন। তিনি (ইসলামবাগ) ২৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। জহিরুল প্রথম আলোকে বলেন, সাংসদের ডাকে ওয়ার্ড কৃষক লীগের নেতা-কর্মীদের নিয়ে তিনি সালিসে হাজির হন। সাংসদের দুই দিকে যুবলীগের জাফর ও ছাত্রলীগের সেলিমের নেতৃত্বে তাঁর সমর্থকেরা অবস্থান নেন। সাংসদের পাশেই তাঁরা বসেন। মামা ইদ্রিস তাঁর দু-তিন হাত দূরে বসেন। সাংসদ সেলিমের লোকজনদের কথা শোনার সময় জাফরের সমর্থক মিজান বারবার উত্তেজিত হয়ে ওঠেন। সাংসদ বারবার তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

জহিরুল হক বলেন, সাংসদ দুই পক্ষের কথা শুনছিলেন। একপর্যায়ে আবু জাফরের লোকজন সালিসে হেরে যাবেন ভেবে হট্টগোল শুরু করেন। এরই মধ্যে একটি বোমা ওপর থেকে সরাসরি এসে তাঁর মামা ইদ্রিসের বুকের বাঁ পাশ পড়লে তিনি লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। ইদ্রিসের পাশে থাকা ২৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মনির হোসেন, কৃষক লীগের সহসভাপতি মো. মুসলিম ও কৃষক লীগের সদস্য মো. ফেরদৌস বোমার আঘাতে আহত হন।

জহিরুল অভিযোগ করেন, যুবলীগের নেতা জাফরের কর্মী ও সমর্থকেরা পাশের বাড়ির ছাদ থেকে বোমা মেরে ইদ্রিসকে হত্যা করেছে।

গত রাতে এ নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ বলেন, সাংসদ হাজি সেলিমের ডাকে তিনি সালিসে ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতও নন। বোমা বহন করতে গিয়ে ওই যুবক মারা গেছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে হত্যা মামলায় আসামি করা হয়েছে।