জাহাঙ্গীর পল্লি চিকিৎসক হত্যা মামলায় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। ফাইল ছবি
জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। ফাইল ছবি

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গাইবান্ধার পল্লি চিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। আজ সোমবার দুপুরে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জয়নাল আবেদীন এ আদেশ দেন।

আজ বিকেলে মোবাইলে গাইবান্ধা সিআইডি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের পল্লি চিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের কথা নিশ্চিত করেছেন।

ওসি আরও বলেন, ২০১৫ সালের ২ জুন মনোহরপুর গ্রামের পল্লি চিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি খুন হন। ওই দিনই পলাশবাড়ী থানায় হত্যা মামলা করা হয়। পরবর্তীকালে এ মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তাঁদের আদি বাড়ি পাশের সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের রাঘবপুর ভূতমারা (চকদাতেয়া) গ্রামে।

গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান হামলায় জড়িত যে কয়জনকে ধরা হয়েছে, তাঁদের মধ্যে জাহাঙ্গীর অন্যতম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের অভিযানে নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরী ও নুরুল ইসলাম ওরফে মারজানের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এ ছাড়া জাপানি নাগরিক কুনিও হোশি, টাঙ্গাইলের দরজি নিখিল চন্দ্র জোয়ারদার, পাবনার পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, রংপুরের মাজারের খাদেম রহমত আলী, কুষ্টিয়ার চিকিৎসক সানাউর, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ ২২টি হত্যার ঘটনায় তিনি পরিকল্পনাকারী ছিলেন।

এ ছাড়া গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্ত (৩৮) এবং গত ২৫ মে সকালে একই উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি জাহাঙ্গীর।