জাহাঙ্গীর হোসেনের বার্ষিক আয় ৬ লাখ টাকা

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বার্ষিক আয় ৫ লাখ ৮২ হাজার টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেছেন।
হলফনামায় দেখা যায়, ঢাকা মহানগর যুবদলের (উত্তর) সভাপতি জাহাঙ্গীরের হাতে নগদ ২৪ লাখ ৩৪ হাজার ৩৮০ টাকা আছে। আছে ১৫ লাখ টাকার একটি গাড়ি। তিনি বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে ১ লাখ টাকা বিনিয়োগ দেখিয়েছেন। পাশাপাশি নিজ নামে ৩০ হাজার টাকার অলংকার, ৮০ হাজার ৫২৩ টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও ১ লাখ টাকার আসবাবের কথা উল্লেখ করেছেন তিনি। অস্থাবর সম্পদের হিসাবে তাঁর স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা জমা ও ১৭ লাখ ২৫ হাজার টাকা দামের একটা প্রাইভেট কার দেখানো হয়েছে। এই তালিকায় স্ত্রীর নামে আরও আছে উপহার হিসেবে পাওয়া ৫২ তোলা সোনা, ৪০ হাজার ৫০০ টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও ৩০ হাজার ৪৫০ টাকার আসবাবের হিসাব। আর স্থায়ী সম্পদের হিসাবে জাহাঙ্গীরের নিজ নামে আড়াই কাঠা জমির ওপর একটা বাড়ি ছাড়া অন্য কিছুর উল্লেখ নেই। এখানে বাড়ি কিংবা জমির দাম উল্লেখ করা হয়নি।