জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মিডিয়া সোসাইটির আত্মপ্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করে দেশ-বিদেশে জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন, এমন ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মিডিয়া সোসাইটি (জেইউএমএস) নামের এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে গত শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এই সংগঠনের আহ্বায়ক অভিনেতা শহীদুজ্জামান সেলিম সংগঠনটি প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং ২৪ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় মিডিয়া ডে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, নাট্যকার, পরিচালক, সাংবাদিকসহ গণমাধ্যমের মোট ২৪ শাখায় কর্মরত ব্যক্তিত্বরা এই সোসাইটির সদস্য। সংবাদ সম্মেলনে মিডিয়া ডে প্রস্তুতি কমিটির সদস্যরাসহ যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, শাহাদাত এইচ শামীম, সদস্যসচিব শেখ এহসানুর রহমান, ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেইন এবং বিভিন্ন টেলিভিশনের প্রযোজক, নির্মাতা, সংগীতশিল্পী, সাংবাদিক, উপস্থাপক, নাট্যকার ও সংগঠকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।