জাহাঙ্গীরনগর ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত
জাহাঙ্গীরনগর ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল সোমবার জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে শোক র্যালি ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে শোক র্যালি বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শোক র্যালিটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ, যুগ্ম সম্পাদক আজগর আলী, ছাত্রলীগ নেতা এস এম শামিম প্রমুখ। বক্তারা বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়: শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে গত রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।