জাহাঙ্গীরনগর থিয়েটারের তিন দশকপূর্তিতে সপ্তাহব্যাপী নাট্যসন্ধ্যা
‘দ্রোহের প্রণোদনে চৈতন্যের শপথ’ স্লোগান নিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটারের তিন দশকপূর্তি উৎসব-২০১০। এ উপলক্ষে সপ্তাহব্যাপী নাট্যসন্ধ্যার আয়োজন করা হয়েছে। উৎসব আয়োজনে সহযোগিতায় রয়েছে প্রথম আলো।গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি আনু মুহাম্মদ। বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে উৎসবের উদ্বোধনের পরপরই শুরু হয় আনন্দ-শোভাযাত্রা। সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আরণ্যক নাট্যদল পরিবেশন করে নাটক এবং বিদ্যাসাগর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান, সংগঠনের সভাপতি প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহছান, সংগঠনের উপদেষ্টা প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বদরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর থিয়েটার পরিবেশন করবে নাটক এই দেশে এই বেশে। শুক্রবার সংগঠনের সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। শনিবার নাট্যকেন্দ্র পরিবেশন করবে নাটক আরজ চরিতামৃত। রোববার কবিব্যক্তিত্ব মোহাম্মদ রফিককে গুণীজন সম্মাননা দেওয়া হবে। একই দিন মহাকাল নাট্যসম্প্রদায় পরিবেশন করবে নাটক অহম তমসায়। উৎসবের শেষ দিন সোমবার নাটক আমিনা সুন্দরী পরিবেশন করবে থিয়েটার আর্ট ইউনিট। প্রতিটি অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।