জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
‘নবীনের জয় হোক প্রবীণের হাত ধরে’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্যাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য ফারজানা ইসলাম জাতীয় পতাকা ও বিশেষ অতিথি সহ-উপাচার্য আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী ভাষণে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উপাচার্য ফারজানা ইসলাম বলেন, প্রতিষ্ঠার ৪৪ বছরে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা-গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি পেয়েছে।
উদ্বোধনী ভাষণের পর উপাচার্যের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
এরপর বেলা ১১টার দিকে সেলিম আল দীন মুক্ত মঞ্চে আলোচনা সভা হয়। সভায় উপাচার্য ফারজানা ইসলাম প্রধান অতিথির, সহ-উপাচার্য মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ আবুল খায়ের বিশেষ অতিথির বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মো. খবির উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা রাশেদা আখতার, খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ শামীমা সুলতানা প্রমুখ।
মধ্যাহ্ন বিরতির পর বিকেল সাড়ে তিনটার দিকে সেলিম আল দীন মুক্ত মঞ্চে পুতুল নাচ প্রদর্শিত হয়। পুতুল নাচ পরিবেশন করে ব্রাহ্মণবাড়িয়ার একটি পুতুল নাচের দল। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রশিদ হারুন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
১৫০ জন ছাত্র ও চারটি মাত্র বিভাগ নিয়ে ১৯৭১ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর পর থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে ১২ জানুয়ারিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদ্যাপন করা হয়।