জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবারও দুই সহ-উপাচার্যকে (শিক্ষা এবং প্রশাসন) প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষকেরা। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে গত বুধবার বেলা ১১টা থেকে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এদিকে ঐক্য ফোরামের ডাকা সর্বাত্মক ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল ক্লাস-পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের যানবাহন চললেও প্রশাসনিক ভবনে প্রশাসনিক কাজকর্ম বন্ধ ছিল।
উপাচার্য মো. আনোয়ার হোসেন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন।
প্রশাসনিক ভবনে গতকাল বিকেল পাঁচটায় এক সংবাদ সমেঞ্চলনে ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, এম এ মতিন শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত বা প্রত্যাহারের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। কোনো সিদ্ধান্ত না জানানো পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘আলোচনা চলছে। এখনই কিছু বলতে পারব না।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ১১ নভেম্বর এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে নীল দল ও সাধারণ শিক্ষক পর্ষদ জানায়, সিনেটে ৯৩ জন প্রতিনিধির মধ্যে ৩৩ জন শিক্ষক প্রতিনিধিসহ ৭৮ জনের মেয়াদ উত্তীর্ণ। তাহলে আপনারা কেন শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন?
জবাবে কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১৯(২) ধারায় বলা আছে, পরবর্তী প্রতিনিধি না আসা পর্যন্ত আগের প্রতিনিধিরাই বহাল থাকবেন। তা ছাড়া আচার্য উপাচার্যকে এমন নির্দেশও দেননি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, ‘সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকের পর আমরা শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের প্রস্তাব দিয়েছি। এখনো আলোচনা চলছে।’
জাকসু নির্বাচন: বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ ও অনিয়মের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীবৃন্দ-এর ব্যানারের শিক্ষার্থীরা।
৬৩টি মনোনয়নপত্র বিতরণ: জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল বেলা দুইটা পর্যন্ত ৬৩টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ছাত্রসংগঠনগুলোর মধ্যে গতকালই প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ। এখন পর্যন্ত এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানায় কমিশন।
জাসদ ছাত্রলীগের কমিটি গঠন: ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৭তম ব্যাচের শামসুল আলমকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জাসদ ছাত্রলীগের ২৩ সদস্যবিশিষ্ট বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।