বান্দরবান সদরের কাপ্রুপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার বান্দরবান-চিম্বুক-থানচি সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও গাড়িচালকেরা জানান, সেনাবাহিনী পরিচালিত অবকাশকেন্দ্র নীলগিরি থেকে বান্দরবানের দিকে আসা একটি চাঁদের গাড়ির সঙ্গে বান্দরবান থেকে নীলগিরিগামী আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দুটি সংকীর্ণ পাহাড়ি সড়কে একটি আরেকটিকে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় গাড়ি দুটি ধীরগতিতে চলছিল। খবর পেয়ে নীলগিরি থেকে সেনাবাহিনীর সদস্যরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও সেবিকারা জানান, হাসপাতালে ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি ১১ জনের মধ্যে আরিফুল ইসলাম (২৫), তানিয়া (২৪), উর্মি (২১), নাদিয়া (২৫) ও লিমুকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও তিনজন নিজ উদ্যোগে চিকিৎসার জন্য চট্টগ্রামে যান।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক উজ্জ্বল সরকার জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষ থেকে শেষ বর্ষের ১৩৩ জন ছাত্রছাত্রী গত সোমবার বান্দরবানে শিক্ষা সফরে আসেন। তাঁরা গতকাল ১১টি চাঁদের গাড়ি নিয়ে চিম্বুক পাহাড় ও নীলগিরি অবকাশযাপন কেন্দ্রে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।