জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অস্ত্রসহ আটক
ঢাকার সাভারের শিমুলতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল মঙ্গলবার দুই সহযোগীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় গালিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক অন্য দুজন হলেন, ধামরাইয়ের পাড়াগ্রাম গ্রামের শহিদুজ্জামান (২৩) ও একই উপজেলার বান্নল গ্রামের সেলিম (২২)।র্যাব-৪ সাভার ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাভারের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানোর সময় একটি হোটেলের কক্ষ থেকে অস্ত্র ও গুলিসহ গালিব, শহিদুজ্জামান ও সেলিমকে (২২) আটক করা হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, গালিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর জানান, নানা তত্পরতার মাধ্যমে গালিব বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছিল। এ কারণে মাসখানেক আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।অস্ত্রসহ গালিব ও দুই সহযোগীকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ-মিজান-উল হক বলেন, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।