জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৯৭১ সালের ১২ জানুয়ারি ১৫০ জন ছাত্র ও চারটি মাত্র বিভাগ নিয়ে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে ১২ জানুয়ারিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদ্যাপন করা হয়।
বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উপাচার্য ফারজানা ইসলাম জাতীয় পতাকা ও সহ-উপাচার্য আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনী ভাষণে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমান প্রশাসন সব সংকীর্ণতা ও সীমাবদ্ধতা অতিক্রম করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আরও বক্তব্য দেন সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুলনাচ ও বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পুতুলনাচ পরিচালনা করবেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রশীদ হারুন। আগামীকাল বৃহস্পতিবার পিঠা মেলা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার অ্যালামনাই ডে মিলন মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ মিলন মেলায় আনন্দ শোভাযাত্রা বের হবে। এরপর সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণা, প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা, ফানুস ওড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র হবে।