জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস-২০১০ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ চত্বরে সমাবেশ, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে অধ্যাপক আলাউদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। বেলা সাড়ে ১১টার দিকে মুক্তমঞ্চে সংবর্ধনা, আলোচনা ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফকির আলমগীর ও ঋষিজ শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, আগামী বিশ্ববিদ্যালয় দিবস হবে সেশনজটমুক্ত। সে লক্ষ্যেই বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।