জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে চিকিৎসকেরা উদ্বিগ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বিগ্ন হয়ে দেশের কয়েকজন বিশিষ্ট চিকিৎসক বলেছেন, শিক্ষকদের একাংশের কর্মসূচির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।
গতাকল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে চিকিৎসকেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তাঁরা বলেছেন, আন্দোলনকারীরা শিক্ষা ও প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন এবং নির্বাচিত উপাচার্যকে শক্তি প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখছেন।
এ ক্ষেত্রে রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়নে বাধা দিচ্ছেন শিক্ষকেরাই। চিকিৎসকেরা বলেছেন, ‘একে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারছি না। এসব কর্মকাণ্ড সন্ত্রাসী আচরণ ছাড়া আর কিছু নয়, যা শিক্ষা ও গণতন্ত্র উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে।’
বিবৃতিদাতাদের মধ্যে আছেন অধ্যাপক রশিদ ই মাহবুব, মোয়াজ্জেম হোসেন, আনোয়ার কামাল সাদী, এস এম শহীদুল্লাহ, মুশতাক হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী, কামরুল হাসান জায়গীরদার, আহমেদ আবু সালেহ, এ কে এম আখতারজ্জামান, সালাহউদ্দিন আহমেদ সেলিম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে রাষ্ট্রপতিকে পুনরায় সক্রিয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকেরা। বিজ্ঞপ্তি।