জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন পছন্দের কর্মীদের হলে তুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে ও নিজ হলের বাইরে অবস্থানকারী ছাত্রলীগের এক পক্ষের ১৫-২০ জন কর্মীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মুজিব হলে তুলে দিলেও ওই হল থেকে বের হয়ে যেতে হয়েছে অপর পক্ষের প্রায় ২৫-৩০ জন নেতা-কর্মীকে। গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে এই পালাবদলের ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি এখন ছাত্রলীগের নেতা দাবিদার এস এম শামীম ও এস এম শরীফুল ইসলামের নিয়ন্ত্রণে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক অংশের নেতা-কর্মীরা এ দাবি করেছেন। নিজেদের শিক্ষাজীবন রক্ষা ও নিরাপত্তার দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা মানববন্ধন করেন। বেলা একটার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্ঝর আলম, সহসভাপতি রকিবুল হাসান, রাশেদ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য সামীউল বাসিরসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম অভিযোগ করে বলেন, ‘হলের বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও প্রায় ছয় মাস ধরে আমরা শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসের বাইরে থাকছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পছন্দের কর্মীদের পুলিশের সহায়তায় হলে তুলে দিয়েছে। আর হলে অবস্থানকারী নেতা-কর্মীদের বের করে দিয়েছে।’এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে আমিসহ অর্ধশতাধিক শিক্ষার্থী হলের বাইরে আছি। প্রশাসনের কাছে বিভিন্ন সময় মৌখিক ও লিখিতভাবে আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছি। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপই নেয়নি।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৈধ সব শিক্ষার্থীকেই নিজ নিজ হলে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। সেটি বাস্তবায়নের লক্ষ্যেই দুজন ছাত্রকে হলে তুলে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের বাইরে অবস্থানকারীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের জানালে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।’মুজিব হলের অস্ত্রের বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা এর জন্য পরস্পরকে দায়ী করায় বিষয়টি খতিয়ে দেখা হবে।প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রক্টর আরজু মিয়া হলের বাইরে অবস্থানকারী ছাত্রলীগের নেতা দাবিদার এস এম শামীম ও এস এম শরীফুল ইসলামকে মুজিব হলে তুলে দিতে যান। হলের নেতা-কর্মীদের অভিযোগ, হলে ঢোকার পর শরীফের কোমরে একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান তাঁরা। এ নিয়ে তর্কাতর্কির পর হলের নেতা-কর্মীরা দুজনকে ধাওয়া করলে শরীফ ও শামীম দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আগ্নেয়াস্ত্রটি হলের করিডরে পড়ে যায়। অস্ত্রটি কয়েক ঘণ্টা সেখানে পড়ে ছিল। এরপর রাত একটার দিকে প্রশাসনের নির্দেশে শতাধিক পুলিশ ওই হলে তল্লাশি চালায়। তল্লাশির সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকসহ কাউকেই হলে ঢুকতে দেওয়া হয়নি। ওই সময় শামীম ও শরীফসহ ১৫-২০ জন হলে ওঠে বলে ছাত্রলীগের কর্মীরা জানান। আর হল থেকে বের হয়ে যান সাদি, বাপ্পীসহ ২৫-৩০ জন নেতা-কর্মী। তল্লাশির সময় শরীফ ও শামীমের পক্ষের ছাত্রলীগের কর্মী রাজু এবং আকরামকে হাতুড়ি ও রডসহ আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।্রপুলিশ পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রটিও উদ্ধার করে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার হওয়ায় কোনো মামলা হয়নি। তবে উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত করে যদি এর সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তখন মামলা করা হবে।