জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক অবৈধ বসতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাড়ি করে বসবাস করছে অর্ধশতাধিক পরিবার। একশ্রেণীর কর্মচারী নিয়মবহির্ভূতভাবে ঘর তুলে ভাড়া দিয়েছেন। এসব ঘরে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগও দেওয়া হয়েছে। আর এর বিল পরিশোধ করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কেই।বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কলাবাগান ও রাঙামাটি এলাকায় ৫০০ কর্মচারী শুধু তাঁদের পরিবার নিয়ে থাকতে পারবেন। সে অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জায়গাও দেওয়া হয়। কিন্তু অনেকেই নিজের প্রয়োজনের বাইরে ঘর তুলে পোশাকশ্রমিক, রিকশাচালক ও ভাসমান দোকানদারদের কাছে ঘর ভাড়া দিয়েছেন। নিজেদের আত্মীয়স্বজনদের জন্যও ঘর তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে কর্মচারীদের জন্য সরবরাহ করা পানি ব্যবহার করছে তারা। এসব অবৈধ বাসিন্দার জন্য অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছে। এ কারণে কেন্দ্রীয় মিটারের হিসাব অনুযায়ী প্রতি মাসে কয়েক লাখ টাকা বেশি বিল পরিশোধ করতে হচ্ছে প্রশাসনকে।খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ইদ্রিস আলী (গার্ড) এখনো তাঁর আত্মীয়স্বজনসহ ১৬ থেকে ১৭ জন নিয়ে কলাবাগান এলাকায় থাকছেন। অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী কাজীম উদ্দিন, শাজাহান, নুরজাহান সবাই বাস করছেন ১০ থেকে ১২ জন করে আত্মীয় নিয়ে। স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার জয়মত থাকছেন বিশ্ববিদ্যালয়ের জায়গায়। বর্তমানে কর্মরত নিরাপত্তা প্রহরী আলমের রয়েছে চারটি ঘর। সেখানে থাকছে ১০ জন।জানতে চাইলে ইদ্রিস আলী বলেন, ‘আমার কোনো মেয়ে, মেয়ের জামাই এখানে থাকে না।’ বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পরও এখনো এখানে আছেন কেন, এমন এক প্রশ্নে তিনি বলেন, ‘এখানে থাকার জন্য প্রশাসনের কাছে এক বছরের সময় চেয়েছি।’এদিকে নিরাপত্তা প্রহরী মিজানুর রহমানের বাসায় একজনকে ভাড়া দেওয়া হয়েছে। হাফিজ উদ্দিন তাঁর বাসায় ক্যানটিন বয়, পোশাকশ্রমিক, রিকশাচালক, দোকানদার ও আত্মীয়সহ ১৫ থেকে ১৬ জনকে ভাড়া দিয়েছেন। এ ছাড়া জাহানারা বাবুর্চি, তাসলিমা বাবুর্চি ও ডায়নিং বয় ইব্রাহীমের বাসায়ও আছে একাধিক ভাড়াটে।অভিযোগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, ‘আমার বাসায় কেউ ভাড়া থাকে না। আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে থাকি।’বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, কলাবাগান এলাকায় ৩৩০টি ও রাঙামাটি এলাকায় ২১৪টি বৈদ্যুতিক মিটার রয়েছে। এসব মিটার থেকে প্রশাসন প্রতি মাসে বিদ্যুৎ বিল আদায় করে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। ওই দুই এলাকার মূল দুটি মিটারে প্রতি মাসে বিলের পরিমাণ প্রায় ১০ লাখ টাকা, যা প্রশাসন পরিশোধ করে।কলাবাগান এলাকার শেখ আবদুল জব্বার ও সবুজ মিয়া অভিযোগ করেন, অবৈধ বাসিন্দাদের কারণে এলাকাটি বস্তিতে পরিণত হয়েছে। অবৈধ সংযোগের কারণে বিদ্যুতের লাইনে প্রতিদিন সমস্যা হওয়ায় অনেক সময় বিদ্যুৎ থাকে না। পানির সংকটও চরম আকার ধারণ করেছে। প্রশাসনকে বিষয়গুলো জানানো হয়েছে।প্রকৃত বিদ্যুৎ বিলের চেয়ে প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকা বেশি বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আবু বকর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি অবৈধ সংযোগ বন্ধ করার।’ রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বাসিন্দাদের তালিকা করার জন্য ভূসম্পদ (এস্টেট) কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।